মুগদায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন…

রাজধানীর মুগদার নিজেদের হোটেল থেকে জীবন চন্দ্র ঘোষ (২৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার বাবার নাম নারায়ণ চন্দ্র ঘোষ । তিনি নিজের ছোট ভাই রাজিব চন্দ্র ঘোষের হাতে খুন হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।


নিহতের স্বজনরা জানিয়েছেন, মাদকের জন্য টাকা না দেওয়ায় জীবনকে খুন করেছে রাজিব। শুক্রবার (৮ মে) সকালে মুগদা থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা রোহিতুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৮ টার দিকে ঝড়ের সময় মুগদা মহানগর আইডিয়াল স্কুলের সামনের হোটেলের ভেতর এ হত্যাকাণ্ড ঘটে।
রাজিবকে এখনো গ্রেপ্তার করা যায়নি। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে, এমন প্রশ্নের জবাবে রোহিতুল ইসলাম বলেন, ‘এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত চলছে। তদন্তের পরেই বলা যাবে। জীবনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে।’


নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজিব মাদকাসক্ত। প্রতিদিন হোটেল থেকে সে মাদকের জন্য টাকা নিয়ে যেত। এ নিয়ে দুই ভাইর মধ্যে একাধিকবার ঝগড়াও হয়েছে। বৃহস্পতিবার টাকা নিতে গেলে জীবন তাতে বাধা দেয়। এর পরেই তাকে হত্যা করে রাজিব। পরে বাসায় গিয়ে রক্তাক্ত কাপড় গোপনে ফেলে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *