বিল্লাল হোসেন যশোর থেকে,
যশোরে নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন মানুষ ত্রাণের দাবিতে ফের বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলা পরিষদের সামনে ও নরেন্দ্রপুর চাউলিয়া গেটে অবস্থান নিয়ে ত্রাণ না পাওয়া ব্যক্তিরা বিক্ষোভ করে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ঋষি সম্প্রদায়ের কয়েকশ নারী পুরুষ চাউলিয়া গেট এলাকায় অবস্থান নিয়ে যশোর-খুলনা মহাসড়ক অবরোধের পর ১ ঘন্টারও বেশি সময় বিক্ষোভ করে। খবর পেয়ে যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধদের শান্ত করেন। ঋষি সম্প্রদায়ের এসব নারী পুরুষ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতে তারা কর্মহীন হয়ে ঘরে থাকলে তাদেরকে কেউ ত্রাণ দেয়নি। এদিকে, এদিন বেলা ১১টার দিকে ঝুমঝুমপুর এলাকার ত্রাণ বঞ্চিত মানুষ সদর উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করেছে। ত্রাণ দেয়ার আশ্বাস মিললে তারা বাড়ি ফিরে যান।