বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি :যশোরে কোভিড-১৯ নভেল করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৯১ জন। এরমধ্যে ৫২ জন রয়েছেন চিকিৎসক, সেবিকা ও স্বাস্থ্যকর্মী। বাকি ৩৯ জন সাধারণ রোগী। বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন শেখ আবু শাহীন জানিয়েছেন, প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর রোববার (১৭ মে) পর্যন্ত ৫১ জন সুস্থ হয়েছেন। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, যশোর জেলায় করোনা আক্রান্ত ৯১ জনের মধ্যে যশোর সদর উপজেলায় ৩৫ জন, শার্শা উপজেলায় ৮ জন, ঝিকরগাছা উপজেলায় ৭ জন, চৌগাছা উপজেলায় ১৪ জন, কেশবপুর উপজেলায় ১২ জন, মণিরামপুর উপজেলায় ৯ জন, বাঘারপাড়া উপজেলায় ৩ জন ও অভয়নগর উপজেলায় ৩ জন। এছাড়া মোট আক্রান্তদের মধ্যে চিকিৎসক ১৬ জন, সেবিকা ৭ জন, সেকমো ৪ জন এমটি ল্যাব ৩ জন, এমপিইপিআই ৩ জন,স্বাস্থ্য সহকারি ৪ জন, এএইচআই ১ জন, টিটিএলসিএ ১ জন, আয়া ১ জন, এমএলএসএস ১ জন ,ওয়ার্ডবয় ১জন ও আয়া ১ জন। চিকিৎসক সেবিকা ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ার প্রসঙ্গে যশোরের সিভিল সার্জন ডা.শেখ আবু শাহীন জানান, সাধারণ মানুষের চেয়ে চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা বেশি বেশি নমুনা পরীক্ষা করছেন। তাই শনাক্ত বেশি হচ্ছেন। এছাড়া তারা ঠিকমতো পিপিই খুলতে পারছেন না। যে কারণে পিপিই খোলার সময় ভাইরাস শরীরে লেগে যাচ্ছে। এছাড়া উপসর্গ না থাকা রোগীদের সংস্পর্শেও চিকিৎসক সেবিকারা আক্রান্ত হচ্ছেন। উপসর্গ না থাকা রোগীরা এই মুহুর্তে সবচেয়ে বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।