ভয়াবহ পরিস্থিতিতে ত্রাণ চুরিতে ব্যস্ত আ.লীগ- রিজভী

রূপগঞ্জ প্রতিনিধি ঃ সরকার করোনার ভয়াবহতা শুরু হওয়ার পরেও তাদের নিজেদের একটি অনুষ্ঠান নিয়ে আর ত্রাণ চুরিতে ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার রূপগঞ্জের বরপা এলাকায় তারাবো পৌরসভা বিএনপির সভাপতি নাসির উদ্দিনের বাড়িতে অসহায় গরিবদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। রিজভি বলেন, সরকার করোনার ভয়াবহতা শুরু হওয়ার পরেও তাদের নিজেদের একটি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিল। এদিকে তারা কোনও খেয়াল দেয়নি। যে কারণে আজ বাংলাদেশ করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউন শিথিল করে ভুল পথে হাঁটছেন। তিনি বলেন, বর্তমান সরকারের মানুষের কাছে কোনও জবাবদিহিতা নাই। বিনা ভোটে নির্বাচিত সরকারের জনগণের কোনও প্রয়োজন নেই। কারণ রাতের আঁধারে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ভোটের ব্যালট বাক্স ভরে দেয়। সংসদে যারা আছে তারা সবাই তাদের অনুগত। সরকার যা বলে সরকারি দল বিরোধী দল সভায় প্রধানমন্ত্রীর কথায় তালি দেয়। যে কারণে তাদের কোনও জবাবদিহিতা নাই, জনগণের কাছে কোনও দায়বদ্ধতা নাই। রিজভী আরও বলেন, মন্ত্রীরা বাসায় হোম কোয়ারেন্টিনে থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছেন। মাঠের সঙ্গে তাদের কোনও সংযোগ নেই। জনগণের সঙ্গে তাদের কোনও সম্পৃক্ততা নেই। যে কারণে তারা বিএনপি’র ত্রাণ বিতরণ নিয়ে নানা কথাবার্তা অপপ্রচার চালাচ্ছেন। রুহুল কবির রিজভি বলেন, দেশের দুর্যোগের সময় বিএনপি নেতাকর্মীরা সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আর আওয়ামী লীগের মেম্বার-চেয়ারম্যানরা অসহায় সাধারণ মানুষকে ত্রাণ না দিয়ে নিজেদের ঘরে, পুকুরে, খালে-বিলে, খাটের নিচে তা লুকিয়ে রাখছে। আইনশৃঙ্খলা বাহিনী এসব সামগ্রী ওই সব মেম্বার-চেয়ারম্যানদের বাড়ি থেকে উদ্ধার করছে। এতে প্রমাণিত হয় সরকার সাধারণ মানুষকে ত্রাণ দিচ্ছে না। তারাবো পৌরসভা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক রিপন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান ইমন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মুরাদ হাসানরূপগঞ্জ প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *