মো: রিয়াজুর রাশিদ রুবেল ব্রাহ্মণবাড়িয়া (নাসিরনগর) প্রতিনিধি।
নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ‘গোকর্ণ নওয়াব বাড়িটি’ ধসে পড়েছে। গতশনিবার সকালে ভারি বৃষ্টির কারণে বাড়িটির সামনের দক্ষিণ দিকের পুরো অংশ ধসে পড়ে । দীর্ঘদিনের অযত্ন আর অবহেলায় হারিয়ে যেতে বসেছে কালের সাক্ষী এই বাড়িটি।
বংশধর সৈয়দ রিয়াজ জানান, সকালে ভারি বৃষ্টির কারণে ধসে পড়ে বাড়ির দক্ষিণ দিকের বারান্দাসহ পুরো অংশটি। তবে এতে কেউ হতাহত হয়নি।
সংবাদ পেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী বাড়িটি পরিদর্শন করেন। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ, সাবেক স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ নওশাদ উল্লাহ, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার যে কয়টি ঐতিহাসিক স্থাপনা রয়েছে তার মধ্যে গোকর্ণ নবাব বাড়ি অন্যতম একটি স্থাপনা। কারুকার্য খচিত শতবর্ষী এই প্রাসাদটি নিমার্ণ করেন মরহুম নওয়াব সৈয়দ সামসুল হুদা। পরে তার ছোট ভাই পারিবারিকভােব ওই ভবনের তিন তলার ডিজাইনটি করে বাড়ির সৌন্দর্য্য আরও বাড়িয়ে তোলেন। অনেক দুর থেকেই এই বাড়ির চূড়াটি এখনো মনকাড়ে আগতদের।
জানা যায়, নবাব সামসুল হুদা নিঃসন্তান ছিলেন। তবে সরাসরি তার বংশধর না থাকলেও দাদা ও দাদার ভাইদের মাধ্যমে সৈয়দ বংশের বা তার বংশ সিলসিলা আজও গোকর্ণে জারি আছে।
সাবেক স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ নওশাদ উল্লাহ বলেন, ঐতিহ্য ধরে রাখতে দ্রুত নওয়াব বাড়িটি সংস্কার করা প্রয়োজন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ জানান, উপজেলার ঐতিহ্য ধরে রাখতে দ্রুত নওয়াব বাড়িটি সংস্কার প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী বলেন, প্রয়োজনীয় ব্যস্থা নেওয়ার জন্য বিষয়টি জেলা প্রশাসক ও প্রত্নতত্ত্ব অধিদফতরকে জানানো হবে।