সম্রাট প্রধান :নরসিংদী প্রতিনিধি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হাজিপুর চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুনা বেগম (৪৫) শহরের বেপারীপাড়া এলাকার করিম মিয়ার মেয়ে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় রুনাকে তার সাবেক স্বামী রৌশন মিয়া হাজিপুর চকপাড়া এলাকায় বাড়িতে ডেকে আনেন। সেখানে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে রুনাকে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে কুপিয়ে ও পরে বটি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেন রৌশন মিয়া। এসময় ঘরের মধ্যে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে রৌশন মিয়া পালিয়ে যান। পরে স্থানীয়রা রুনাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মা সাহারা বেগম জানান, ভ্যানচালক রৌশন মিয়া মাদকাসক্ত। টাকার জন্য প্রায়ই রুনাকে মারধর করতেন। এরই জেরে গত দুই বছর আগে রৌশনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন রুনা। এর পরও রুনাকে ফিরিয়ে নিতে নানান রকম চেষ্টা চালান রৌশন। তবে রুনা রাজি হননি। সন্তানদের নিয়ে বেপারীপাড়া এলাকায় বসবাস করতেন রুনা। নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল কবির আরিফ বলেন, হাসপাতালে আনার পর আমরা রুনা বেগমকে মৃত অবস্থায় পাই। তার গলার পেছন দিক থেকে কাটা অবস্থায় পাওয়া যায়। এছাড়াও কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহাম্মেদ বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।