মাসুদ রানা টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাস গাড়ির চাকায় পৃষ্ট হয়ে মাজেদুল রহমান (১৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪জুন) সকালে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। মাজেদুর রহমান নাগরপুর উপজেলার ভাররা ইউনিয়নের উরাডাব গ্রামের শহিদুর রহমানের ছেলে।
জানা গেছে, মোটরসাইকেল যোগে মাজেদুর ও তার বাবা শহিদুর রহমান নাগরপুর থেকে গাজিপুর যাপয়ার পথে পাকুল্ল্যা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছলে পিছন থেকে দ্রুতগতির একটি বাস এসে তাদের চাপা দেয়। এ ঘটনায় শহিদুর রহমান সড়কের পাশে ছিঁটকে পড়ে গেলেও মাজেদুর বাসের চাকায় পৃষ্ট হয়ে মারা যায়। পুলিশ জানায়, ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা ফিলিং স্টেশন এলাকায় সকাল বেলা ঢাকামুখী একটি মোটরসাইকেলকে দ্রুত গতির একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায় । এতে মাজেদুর সড়কে এবং তার বাবা শহিদুর সড়কের পাশে ছিটকে পড়েন। এ সময় ওই বাসের চাকায় পৃষ্ট হয়ে বাবার সামনেই ছেলের মৃত্যু হয়। তিনি সামান্য আহত হলেও চোখের সামনে ছেলের মৃত্যু তাকে পাথর বানিয়ে দিয়েছে। শহিদুর রহমান ভাষা হারিয়ে ফেলেছেন।
খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করলেও ঘাতক বাসটি আটক করতে পারেনি। নিহত মাজেদুর এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।