ছোঁয়াচে অসুখ
রত্না ব্যাপটিস্ট
পৃথিবী তোমার একটা ছোঁয়াচে অসুখ হোক,
না না কলেরা নয়, বসন্ত নয়, নয় করোনা ভাইরাস।
তবু তোমার একটা ছোঁয়াচে অসুখ হোক।
তুমি সততার রোগে আক্রান্ত হতে পারো….পারো তো?
এই ধরো তোমার কর্তব্যের রোগ হলো,
নয় তো তোমার হোক না দায়িত্ব বোধের অসুখ।
যদি বা শৃঙ্খলা রোগে তুমি জর্জরিত হয়ে পড়লে,
বেশ হয় কিন্ত বলো!!
তুমি স্নেহ মমতার ছোঁয়াতেও ভুগতে পারো যুগের পর যুগ।
আচ্ছা….তোমার বিশ্বাস নামের মারাত্মক অসুখটা হলে কেমন হয় বলো তো?
বেশ হয়,
তাতে তোমার রঙ যাবে বদলে।
একবার না হয় ভালোবাসাটাকে জাপটে ধরতে পারো,
সে তার মারণ ব্যাধি লেপটে দিক তোমার শরীরে
….তুমি ভালোবাসায় আক্রান্ত হও।
আচ্ছা তুমি অন্ধকারকে ভয় করো??
এই তো পেয়েছি….তবে তোমার আলোর অসুখ হোক।
হাজার সূর্যের আলো এসে লাগুক তোমার গায়ে।
তুমি ছোঁয়াচে অসুখে ভোগো সহস্র যুগ,
পৃথিবী তোমার একটা ছোঁয়াচে অসুখ হোক।
