অভিমানী সৌরভ-ডা. মুহসিনা খানম

অভিমানী সৌরভ
ডা. মুহসিনা খানম

এক অভিমানী দোলনচাঁপার চারা

দীর্ঘদিন ঝরাপাতার নীচে মুখ লুকিয়ে রাখে!

প্রচণ্ড অভিমানে সে আর আকাশ দেখে না,

জ্যোৎস্না রাতে ঝিলের জলে চাঁদ দেখে না,

হাজার জোনাক জ্বাললে আলো,

কিংবা রাত্রি হলে আঁধার কালো

চোখ তুলে আর সে দেখে না!

অরণ্যদের উঠোন জুড়ে ফাগুন এলে,

শিমুল পলাশ কৃষ্ণচূড়ার ঝাঁপি খুলে

ভ্রমর অলি ভালোবাসার স্বপ্ন দেখে

আকাশ জুড়ে হাজার তারা কাব্য লিখে,

অরণ্যদের অন্যরকম আহবানে

সুর জাগে না বান ডাকে না,

উথাল পাথাল ঢেউ উঠে না

দক্ষিণ হাওয়ার পরশ লেগে

মনের বনে ফুল ফোটে না!

হঠাৎ বনে সঙ্গোপনে একটি পাখি

মিহি সুরে রিনরিনিয়ে উঠলো ডাকি

সে ডাক শুনে চোখ মেলে সেই অভিমানী

জগৎ জুড়ে কাব্য কথার জানাজানি,

মনের সুখে বেড়ে উঠে ফুলের কানন,

ভালোবাসার পৃথিবীতে সবাই আপন।

বন্ধ করে অভিমানের ঝাঁপি টারে,

সৌরভে তার ভরিয়ে দিলো জগৎটারে।

(১০/১১/২০২৩

রূপনগর আবাসিক, ঢাকা)

@everyone

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *