বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি
প্রাণঘাতী কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২৪ ঘন্টায় যশোর জেলায় আরও ৪ জন সুস্থ হয়েছেন। এই সময়ে শনাক্ত হয়েছেন ১ সেবিকাসহ ৫ জন। বিষয়টি নিশ্চিত করে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, সুস্থ ব্যক্তিদের মেডিকেল ছাড়পত্র দেয়ার পর ফুলেল শুভেচ্ছা জানানো ও বাড়ি লকডাউনমুক্ত করা হয়েছে। নতুন করে আক্রান্তদের মধ্যে ১ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশন ও ৪ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ৪ জনের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।যশোর সিভিল সার্জন অফিসের দায়িত্বরত তথ্য কর্মকর্তা মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ জানান, সুস্থ ৪ জন হলেন যশোর শহরের খড়কি কবরস্থান এলাকার রাজু আহমেদের স্ত্রী রুনা পারভীন (৪০), শার্শা উপজেলার হাসানুজ্জামান (৩৭), সনদ (১২) ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই (টেকনোলজিস্ট) শারাফত হোসেন মুন্না (৫২)। মঙ্গলবার তাদের রিপোট ২য় বারের মতো নেগেটিভ এসেছে। যশোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. মীর আবু মাউদ জানান, শারাফাত হোসেন মুন্নার কর্মস্থল ঝিকরগাছা হলেও তার বাড়ি যশোর উপশহর বাবলাতলা এলাকায়। মঙ্গলবার বিকেলে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মুন্না ও রুনার বাড়ি গিয়ে তাদের করোনামুক্ত হওয়ার ছাড়পত্র প্রদান করেন। এসময় তাদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাড়ি লকডাউনমুক্ত করা হয়। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকেও মুন্নাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সেখানে কর্মকর্তরা। সদরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর আবু মাউদ আরো জানান, এদিন যশোরে নতুন করে ৫ জন করোনায় শনাক্ত হয়েছেন। এরমধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের একজন সেবিকা রয়েছেন। তার বাড়ি যশোর শহরের ঘোপ এলাকায়। দুইজন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ও বাকি ২ জনের মধ্যে ১ জনের বাড়ি শহরের রেলগেট , আরেকজনের বাড়ি সদর উপজেলার সাড়াপোল এলাকায়। এদিন বিকেলে ৩ জনের বাড়ি লকডাউন করা হয়েছে। তারা নিজ বাড়ি চিকিৎসাধীন। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, মঙ্গলবার পর্যন্ত যশোরে করোনায় আক্রান্ত ২৮ জন সুস্থ হলেন। তিনি আরো জানান, এদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে যশোর জেলায় করোনা সন্দিগ্ধ ৩৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিকে সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৪ জেলার ১৫১ নমুনা পরীক্ষা করে ১৫ জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। বাকি ১৩৬ জনের নেগেটিভ এসেছে। মঙ্গলবারের ফলাফলে যবিপ্রবি কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন। জিনোম সেন্টারের সহকারি পরিচালক প্রফেসর ড. ইকবাল কবির জাহিদ জানিয়েছেন, যশোর জেলার ৩২ নমুনা পরীক্ষায় পজেটিভ ৫ জন , ঝিনাইদহ জেলার ২১ নমুনা পরীক্ষা করে ১জন, মাগুরা জেলার ৩৬ নমুনা পরীক্ষায় ৪ জন ও চুয়াডাঙ্গার ৬২ নমুনা পরীক্ষায় ৫ জন।
