মাসুদ রানা টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক দুইটি ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বাস চাপায় ট্রাক হেলপার এবং মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। তারা হলেন, বগুড়ার সিমেন্ট বোঝাই ট্রাকের হেলপার অজ্ঞাত ব্যক্তি (২৫) এবং মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের আটিয়া মামুদপুর গ্রামের মাদরাসা ছাত্র ইমন হোসেন (১২)।
জানা গেছে, বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার শুভুল্যা নামকস্থানে সিমেন্ট বোঝাই একটি ট্রাক থামিয়ে হেলপার ট্রাকের চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি বাস হেলপারকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাক হেলপারের মৃত্যু হয়।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জানান, সিমেন্ট বোঝাই ট্রাক ও মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে ।
এদিকে মঙ্গলবার দুপুরে মাদরাসা ছাত্র ইমন নিজ ঘরে ইলেকট্রিক কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে গুরতর আহত অবস্থায় তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা বেলায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমন আটিয়া মামুদপুর গ্রামে আব্দুস সালাম ইউনূসের ছেলে। সে উয়ার্শী ইউনিয়নের বরটিয়া মাদরাসার ছাত্র বলে জানা যায় ।
আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।