বিল্লাল হোসেন,যশোর থেকে
৪ জন চিকিৎসক ও ৩ জন সেবিকা কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরও সংকটের মধ্যে যশোরের চৌগাছা মডেল হাসপাতালে অস্ত্রোপচার কার্যক্রম শুরু হয়েছে। রোববার কার্যক্রম শুরুর প্রথম দিনে দুই জন অন্তঃসত্ত্বাকে সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি। তিনি জানান, এই হাসপাতালে একের পর এক চিকিৎসক সেবিকা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর অস্ত্রোপচার কার্যক্রমে কিছুটা সংকট তৈরি হয়। করোনা আতংকে শিফট আলাদা করে চিকিৎসা কার্যক্রম শুরু করে চিকিৎসক সেবিকা ও কর্মচারিরা। গত সপ্তাহে দায়িত্ব পালনকারী শিফটের অজ্ঞান বিভাগের চিকিৎসক করোনায় আক্রান্ত হলে ৫ মে থেকে হাসপাতালে অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষে রোববার আরেক শিফটে দায়িত্বরত চিকিৎসকরা কর্মস্থলে ফিরে অস্ত্রোপচার কার্যক্রম শুরু করেছেন। এদিন গাইনী বিভাগের চিকিৎসক হাবীবা সিদ্দিকা ফোয়ারা ও অজ্ঞান বিভাগের চিকিৎসক ফাতেমা চৌগাছা উপজেলার বুবলি খাতুন (১৯) ও ঝিকরগাছা উপজেলার ডহরমাগুরা গ্রামের সোমাইয়া খাতুনের (১৮) সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন করেছেন বলে জানান প্রধান স্বাস্থ কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি। তিনি আরো জানান,করোনায় আক্রান্ত ৪ চিকিৎসকের মধ্যে বর্তমানে ডা. আসিফ রায়হান সুস্থ হয়েছেন।