মাসুদ রানা টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের জেলার বাসাইল উপজেলা প্রশাসনের নিদের্শনা অমান্য করার দায়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩ জন দোকানদারকে মোট ২৩ হাজার টাকা এবং ৩ জন মোটরসাইকেল চালকে ৯ শ’ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ১৯ মে এ দন্ড আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুননাহার স্বপ্না। জানা গেছে, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকিরোধে উপজেলায় স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নির্দশনা দেওয়া হয়। বলা হয় জনসমাগম না করার জন্য। শারীরিক দূরত্ব মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়। কিন্তু প্রশাসনের কোন নির্দেশনা না মেনে দোকান খুলে জনসমাগম করছে এবং প্রয়োজন ছাড়া অযথা ঘুরাঘুরি করছে। এতে নির্দেশনা অমান্যকারীদের ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।
নির্দেশনা অমান্য করে মার্কেট খোলায় মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করা হয় । ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় মার্কেট বন্ধ করে অনেক দোকানদার পালিয়েও যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামছুননাহার স্বপ্না জানান, সংক্রমণের ঝুঁকি বাড়লেও জনপদে কমছে না মানুষের ভিড়। সামাজিক দূরত্ব না মানলে সংক্রমণ বাড়ার আশংকা রয়েছে। স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য মানুষকে নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু কেউ তা মানছে না। কাজেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলকে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব মেনে চলার আহবান জানান।