রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের গর্ন্ধবপুর এলাকার আটানি করবস্থান রক্ষার দাবিতে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের পর অবশেষে কবরস্থান ফিরে পেল এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলার গর্ন্ধবপুর ওয়াসা প্রকল্পের প্রকল্প পরিচালক মাহামুদুল হাসান ও এলাকাবাসীর উপস্থিতিতে কবরস্থানের বিষয়টি নিষ্পত্তি হয়। এসময় উপস্থিত ছিলেন, আটানি সামাজিক কবরস্থানের সভাপতি শাহীন প্রধান, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, অ্যাড. ইসমাইল প্রধান, ফারুক প্রধান, শাহ-আলম মাষ্টার, জয়নাল প্রধান, নূর আলম, অ্যাড .তারেক প্রমূখ। জানা যায়, গন্ধর্বপুর এলাকায় ঢাকা ওয়াসার নিজস্ব জায়গায় দৈনিক ৫০ কোটি লিটার ক্ষমতা সম্পন্ন পানি শোধনাগার নির্মিত হচ্ছে। এখানে ৬০ বছরের একটি কবরস্থান থাকায় এটি স্থানান্তর নিয়ে ওয়াসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মাঝে অনাকাঙ্খিত ঘটনা ঘটে। গত বছরের ২৭ নভেম্বর এলাকাবাসী ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের কাছ থেকে গর্ন্ধবপুর এলাকার আটানি সামাজিক কবরস্থান রক্ষার দাবিতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেন। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন, ওয়াসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী মিলে সমাধান করেন। কবরস্থানের মোট ১০১ শতাংশ জমি থেকে ৮৬ শতাংশ জমি কবরস্থান হিসেবে রাখা হয়। আর বাকি জমি ওয়াসা ওয়াসা কর্তৃপক্ষ নিজেদের প্রকল্প কাজে ব্যবহার করবে। এ নিয়ে এলাকাবাসী ও ওয়াসা কর্তৃপক্ষের মাঝে একটি চুক্তি সাক্ষরিত হয়। আর ওয়াসা যে জমিটুকু নিজেদের কাজের জন্য নিয়েছে সোমবার দুপুরে সেখানকার কবর গুলো স্থানান্তর করা শুরু হয়। এ নিয়ে এলাকাবাসীর মাঝে স্বস্তি বিরাজ করছে।