যশোরে করোনায় আক্রান্ত সন্দিগ্ধ নারীর মৃত্যু

বিল্লাল হোসেন,(যশোর) প্রতিনিধিযশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাসে আক্রান্ত সন্দিগ্ধ জাহানারা বেগমের (৬০) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাহানারা বেগম শার্শা উপজেলার শালকোনা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। এদিকে মঙ্গলবার ২৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল সবগুলো নেগেটিভ এসেছে। এদিন করোনা সন্দিগ্ধ আরো ৪৭ জনের নমুনা পরীক্ষার জন্য দুই ল্যাবে পাঠানো হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানিয়েছেন, ১৭ মে মঙ্গলবার সকালে জাহানারা বেগমকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনেন। জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ওই নারী করোনায় আক্রান্ত সন্দেহে ভর্তি করে আইসোলেশন ওয়ার্ডে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আরএমও আরো জানান, ভর্তির দিন ওই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। এখানো ফলাফল এসে পৌঁছায়নি। সতর্কতার সাথে দাফন করার জন্য স্বজনদের পরামর্শ দেয়া হয়েছে।এদিকে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ল্যাব থেকে যশোর জেলার ২৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাঠানো হয়। তাদের কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। এদিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে নমুনা পরীক্ষার ফলাফল পাঠানো হয়নি। সিভিল সার্জন আরো জানান, মঙ্গলবার বিকেলে যশোর জেলার করোনা সন্দিগ্ধ আরো ৪৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এরমধ্যে খুমেক ল্যাবে ৩৩ ও যবিপ্রবির ল্যাবে ১৪ জনের। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া নারী কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা নমুনা পরীক্ষার ফলাফল আসলে নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *