রিফাত হত্যায় দুই আসামি জামিনে মুক্ত

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড ঘটে। গত ১ সেপ্টেম্বর বিকেলে ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক; এ দুই ভাগে বিভক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ।রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন- রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), হাসান (১৯), মুসা (২২), আয়েশা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), সাগর (১৯) ও কামরুল ইসলাম সাইমুন (২১) এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন।

বরগুনা আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার দুই অপ্রাপ্তবয়স্ক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান তাদের জামিন মঞ্জুর করেছেন।
জামিন পাওয়া দুই আসামি হলো- মো. নাজমুল হাসান এবং রাতুল শিকদার জয়। এদের মধ্যে নাজমুল এবছর এসএসসি পরীক্ষার্থী।
বুধবার সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তিনজন সাক্ষী। একই সময়ে মিন্নির জামিন বাতিল কেন হবে না মর্মে আদালতের শোকজের জবাব দিয়েছেন মিন্নির আইনজীবী।

পরে উভয়পক্ষের আইনজীবীদের মৌখিক আবেদনে মিন্নির জামিন বাতিল আবেদনের শুনানির জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করেছেন বিচারক মো. আছাদুজ্জামান।
রিফাত শরীফ হত্যা মামলায় এখন পর্যন্ত পাঁচ অপ্রাপ্তবয়স্ক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে প্রাপ্তবয়স্ক আসামি মিন্নিও জামিনে রয়েছেন। এ মামলার প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনও পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *